খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

জামানত ছাড়াই ৫ লাখ টাকা ঋণ, সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১:৫২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জামানত ছাড়াই ৫ লাখ টাকা ঋণ, সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের জন্য ঋণ পাওয়ার সুযোগ সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী, পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো সম্পদ বন্ধক বা নিরাপত্তা জামানত দিতে হবে না। তবে ঋণগ্রহীতাসহ সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত গ্যারান্টি নিতে পারবে ব্যাংক। এ স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৭ শতাংশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে। এতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালা সংশোধন করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নতুন নির্দেশনা পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে পরিচালিত এ স্কিম সার্কুলার জারির দিন থেকে পরবর্তী পাঁচ বছর কার্যকর থাকবে। এর মূল উদ্দেশ্য প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ব্যাংকিং সেবার আওতা বাড়ানো।

যেসব পেশার মানুষ পাবেন ঋণ

নতুন নীতিমালায় ঋণ পাওয়ার যোগ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রান্তিক ও ভূমিহীন কৃষক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। এ জন্য গ্রাহকের নামে ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। এ ধরনের হিসাব না থাকলে নতুন করে খুলতে হবে।

ঋণের আওতায় আসবেন জেলে, ছুতার, স্বর্ণকার, কামার, কুমার, দর্জি, হকার, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালকসহ বিভিন্ন পেশার মানুষ। এ ছাড়া ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামতকারী, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, আচার ও পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিকরাও এ সুবিধা পাবেন।

ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে মুদি ও মনোহারি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ ও মোবাইল আর্থিক সেবার এজেন্ট, ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান দোকানি, বই-পত্রিকা বিক্রেতা এবং ফুল, ফল ও শাকসবজি বিক্রেতারা ঋণ নিতে পারবেন।

পাশাপাশি হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, মৎস্যচাষি, সবজি চাষি, নার্সারি উদ্যোক্তা, হস্তশিল্পী এবং ব্লক-বাটিক ও কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এ স্কিমের সুবিধা পাবেন। ফ্রিল্যান্সার ও সম্ভাবনাময় উদ্ভাবনী উদ্যোগের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও ঋণের আওতায় আনা হয়েছে।

নারী উদ্যোক্তাদের জন্য ২৫ শতাংশ ঋণ বরাদ্দ

নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণে বিশেষ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারী গ্রাহক ও উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে হবে। বিশেষ করে প্রান্তিক নারী এবং অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে।

কৃষক, প্রবাসী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা ২০২৫’ অনুযায়ী, স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা ১০ টাকার ব্যাংক হিসাব খুলে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তবে স্মার্ট কার্ড না থাকলেও কোনো কৃষক যেন ঋণসুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস ও মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং নিম্ন আয়ের পেশাজীবীরাও অগ্রাধিকার পাবেন। একই সুবিধা পাবেন উপকূলীয়, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের সুবিধাভোগী, বিদেশ থেকে দেশে ফিরে আসা কর্মী এবং তাদের পরিবারের সদস্যদেরও ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের মানুষও আয়বর্ধক কর্মকাণ্ড পরিচালনার জন্য এ ঋণ নিতে পারবেন।

শিক্ষার্থীদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। ২৫ বছরের কম বয়সী অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ পাবেন। এ ক্ষেত্রে ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে হবে তাদের অভিভাবককে।

১৮ বছর পূর্ণ হওয়ার পর প্রশিক্ষণলব্ধ দক্ষতা কাজে লাগিয়ে ব্যবসা বা পেশা পরিচালনার জন্যও ঋণ নিতে পারবেন শিক্ষার্থীরা। এ ছাড়া এমবিবিএস, বিডিএস, প্রকৌশলসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার ব্যয় এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার জন্যও ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

একক ঋণ ১০ লাখ, দলগত ঋণ ৪০ লাখ টাকা

নীতিমালা অনুযায়ী, একজন গ্রাহক বা অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। তবে ঋণ অনুমোদনের আগে আবেদনকারীর প্রকৃত আর্থিক প্রয়োজন যাচাই করতে হবে।

পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো সম্পদ বন্ধক বা নিরাপত্তা জামানত প্রয়োজন হবে না। তবে ব্যাংক ঋণগ্রহীতাসহ সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত গ্যারান্টি নিতে পারবে।

দলগত ঋণের ক্ষেত্রেও নতুন সুবিধা রাখা হয়েছে। দুই থেকে পাঁচজন সদস্য নিয়ে একটি দল গঠন করা যাবে। এ ক্ষেত্রে প্রত্যেক সদস্য সর্বোচ্চ আট লাখ টাকা করে ঋণ নিতে পারবেন। একটি দলের জন্য ঋণের সর্বোচ্চ সীমা ৪০ লাখ টাকা। ঋণ পরিশোধের দায় প্রত্যেক সদস্যকে ব্যক্তিগত ও যৌথভাবে বহন করতে হবে।

অনুমোদিত ঋণের অর্থ গ্রাহকের ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাবের মাধ্যমে বিতরণ করতে হবে।

সুদ সর্বোচ্চ ৭ শতাংশ, পরিশোধের মেয়াদ পাঁচ বছর

এ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বার্ষিক ১ শতাংশ সুদে অর্থ দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে ঋণগ্রহীতাদের কাছ থেকে ব্যাংক সর্বোচ্চ ৭ শতাংশ সুদ বা মুনাফা নিতে পারবে।

ঋণের অপরিশোধিত অর্থের ওপর সুদ বা মুনাফা হিসাব করতে হবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো নিজস্ব অনুমোদিত পদ্ধতিতে অর্থায়ন করতে পারবে। তবে গ্রাহক পর্যায়ে মুনাফার হার ৭ শতাংশের বেশি রাখা যাবে না।

ঋণ পরিশোধের ক্ষেত্রে গ্রাহক সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড পাবেন। এ সময়সহ ঋণের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর বা ৬০ মাস নির্ধারণ করা হয়েছে।

গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর সাধারণত ত্রৈমাসিক কিস্তিতে ঋণের আসল, সুদ বা মুনাফা এবং সার্ভিস চার্জ আদায় করবে ব্যাংক। তবে গ্রাহকের সুবিধা বিবেচনায় মাসিক, ছয় মাস অন্তর কিংবা বার্ষিক কিস্তিতেও ঋণ পরিশোধের সুযোগ রাখা হয়েছে।

ঋণখেলাপিরা পাবেন না সুবিধা

নতুন নির্দেশনায় ঋণখেলাপিদের এ স্কিমের আওতায় ঋণ না দেওয়ার কথা স্পষ্ট করা হয়েছে। বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংকের কোনো প্রকল্প, পুনঃঅর্থায়ন স্কিম কিংবা সুদ ভর্তুকির আওতায় নেওয়া আগের ঋণ সমন্বয় না করলেও নতুন করে এ সুবিধা পাওয়া যাবে না।

ঋণ অনুমোদনের আগে আবেদনকারীর পূর্ববর্তী ঋণের তথ্য যাচাই করতে হবে। তবে তিন লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ঋণসংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন সংগ্রহে কোনো ফি নেওয়া যাবে না।

ঋণ বিতরণ ও কিস্তি আদায়ে ব্যাংকগুলো নিজস্ব শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা এবং অনলাইন ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পারবে। এসব সেবার ক্ষেত্রে পরিচালনা পর্ষদ অনুমোদিত সার্ভিস চার্জ নেওয়া গেলেও বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত চার্জের বাইরে ঋণ প্রক্রিয়াকরণের নামে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।

ঋণের অর্থ যথাযথ কাজে ব্যবহার হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে সংশ্লিষ্ট ব্যাংককে। প্রতি তিন মাসে ঋণ বিতরণ ও আদায়ের হিসাব পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগে পাঠাতে হবে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক সরেজমিনে পরিদর্শনও করতে পারবে।

এ স্কিমের আওতায় ঋণ বিতরণে আগ্রহী তফসিলি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের সঙ্গে চুক্তি করতে হবে। একই সঙ্গে ঋণের আসল ও সুদ বা মুনাফা পরিশোধের নিশ্চয়তা দিয়ে আলাদা ডিপি নোট জমা দিতে হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম